হাজী দানেশে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাকারিয়া ও ভেটেরিনারি অনুষদের মাস্টার্স শ্রেণির ছাত্র মিল্টন। এঁদের মধ্যে মিল্টন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে এই সংঘর্ষ হয়েছে। এক পক্ষে ছিল চার মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত সভাপতি ইফতেখারুল ইসলাম ও বহিষ্কৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় এবং অপর পক্ষের নেতৃত্বে ছিল ছাত্রলীগের সাবেক কর্মী আসাদুজ্জামান জেমী ও নাহিদ আহমেদ নয়ন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর মিলনায়তনে ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ভেটেরিনারি অনুষদের ডিন আফরোজা খাতুন শীলা এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভার শেষ পর্যায়ে রাত সাড়ে আটটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালে মিলনায়তনের আলো নিভে যায়। পেছন থেকে ইফতেখারুল ইসলাম ও অরুণ পক্ষের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী অস্ত্রসহ সামনে বসা ছাত্রলীগের সাবেক কর্মী আসাদুজ্জামান জেমী, নাহিদ আহমেদ নয়নসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

এ ঘটনার পর ইফতেখারুল ইসলামসহ তাঁর সমর্থকেরা ক্যাম্পাসে শেখ রাসেল হলে ঢুকে সেখানে অবস্থানরত ছাত্রদের বেধড়ক লাঠিপেটা করে। এরপর আসাদুজ্জামান জেমী ও নাহিদ আহমেদ নয়নসহ সাধারণ ছাত্ররা একজোট হয়ে শেখ রাসেল হলে তাঁদের ওপরে পাল্টা হামলা চালায়। এসময় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক শাহাদাৎ হোসেন খান। তিনি জানান, এ ঘটনায় হল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় জানান, ঘটনায় প্রতিপক্ষের আঘাতে তাঁদের পক্ষের জাকারিয়া ও মিল্টন নিহত হয়েছেন। এঁদের মধ্যে জাকারিয়া শেখ রাসেল হলে এবং মিল্টন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শেখ রাসেল হলের ছাদ থেকে মো. জাকারিয়ার লাশ উদ্ধার করা হয়। আর মিল্টন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।