হাজী দানেশে র্মকর্তাদের সভায় ছাত্রলীগের হামলা
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সভায় ছাত্রলীগের নেতারা হামলা চালিয়ে সভা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন-১-এ।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মচারী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সকালে ওই মিলনায়তনে তাঁদের সভা শুরু হয়। সভা চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম, সাধারণ সম্পাদক অরুণ কান্তি এবং ডরমিটরি-২-এর সভাপতি জাহিদ হোসেনের নেতৃত্বে একদল লোক সেখানে প্রবেশ করে সভার মঞ্চ দখল করে নেন। পরে তাঁরা সভা বন্ধ করতে বলেন। এ সময় ছাত্রলীগের নেতাদের হামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, প্রগতিশীল কর্মচারী পরিষদের অর্থ সম্পাদক ইমরান হোসেন এবং পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম আহত হন।
বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য আজিজুল ইমাম চৌধুরী ক্যাম্পাসে আসেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে দেওয়া এক বক্তব্যে তিনি ছাত্রলীগের নেতাদের নির্দোষ বলে দাবি করেন। তখন উপস্থিত শিক্ষকেরা এর তীব্র প্রতিবাদ জানালে আজিজুল ইমাম ক্ষোভ প্রকাশ করে ক্যাম্পাস ত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য ছাত্রদের উসকানি জুগিয়েছে বলে শিক্ষকেরা প্রথম আলোর কাছে অভিযোগ করেন।
কর্মচারীদের সভায় হামলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের নেতা ইফতেখারুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে সভা করছিলেন। খবর পেয়ে ছাত্ররা সভাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে কর্মকর্তা-কর্মচারী ছাত্রদের ওপরে হামলা চালান।
৪ নভেম্বর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়, হল শাখার সভাপতি জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য দত্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। এর পর থেকে ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে মিছিল, সভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষাও বর্জন করা হয়েছে।