হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালিয়েছেন শিশু দুটির স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলাম, চিকিৎসা কর্মকর্তা সুলতানা রাজিয়া, আওলাদুজ্জামান সৌরভ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোশারফ হোসেন, রবিউল আলম, স্বাস্থ্য সহকারী গিয়াস উদ্দিন, আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম, কর্মচারী ইসমাইল হোসেন ও সামছুল আলম।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রাম থেকে পুকুরে পড়া দুই শিশু মো. জিহাদ (৫) ও শাওনকে (৪) মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগে চিকিৎসা কর্মকর্তা সুলতানা রাজিয়া শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মারা যাওয়া মো. জিহাদ এনায়েতপুর গ্রামের কামাল হোসেন এবং শাওন একই গ্রামের মোস্তফা কামালের ছেলে।
মৃত ঘোষণার পর অভিভাবকেরা শিশু দুটিকে নিয়ে জরুরি বিভাগ থেকে বের হয়ে হাসপাতাল গেট পর্যন্ত গেলে সেখানে জিহাদের মুখ দিয়ে বমি বের হয়। এ কারণে বাচ্চা দুটিকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজন ও স্থানীয় কয়েক ব্যক্তি চিকিৎসক-কর্মচারীদের মারধর করেন। হামলাকারীরা জরুরি বিভাগের দুটি জানালা ভাঙচুর করেন। এ সময় চিকিৎসক ও রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আশরাফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ হাসপাতালে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে।
স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বলেন, ‘হাসপাতালে আনার ঘণ্টাখানেক আগেই শিশু দুটি মারা গেছে। চিকিৎসক অভিভাবকদের মৃতদেহ বুঝিয়ে দিয়েছেন। পরে হাসপাতালের গেটে একটি বাচ্চার মুখ থেকে পানি বের হয়। তখন তাঁরা সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে চিকিৎসক-কর্মচারীদের ওপর চড়াও হন। আমি চিকিৎসকদের রক্ষা করতে গেলে তাঁরা আমার ওপরও হামলা করেন।’ তিনি জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের দৃশ্য রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করা হবে।
এ বিষয়ে জিহাদের বাবা কামাল হোসেন বলেন, ‘ঘটনার জন্য স্বাস্থ্য কর্মকর্তার কাছে মাফ চেয়েছি। গ্রাম থেকে আসা কয়েকজন ব্যক্তি স্থানীয়দের সাথে জড়ো হয়ে না বুঝে ঘটনা ঘটিয়েছেন।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় আটক ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে।