হাজীগঞ্জে গ্রাহকের ৬৬ কোটি টাকা নিয়ে ১০ সমিতি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১০টি বহুমুখী সমবায় সমিতি গ্রাহকদের ৬৬ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। অপর পাঁচটি সমিতি গ্রাহকদের পাওনা ৪২ কোটি টাকা পরিশোধ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রাহকদের অভিযোগ, স্থানীয় সমবায় কার্যালয় এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ায় সমিতিগুলোর কর্মকর্তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়েছেন।
উপজেলা সমবায় কার্যালয় ও ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, গত তিন বছরে মেঘনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ১৪ কোটি, ইকরা বহুমুখী সমবায় সমিতি ৩, বসুন্ধরা বহুমুখী সমবায় সমিতি ৩, স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ২০, আল-ফারুক প্রপার্টিজ ৩, গ্রিন সোসাইটি ১০, আমার দেশ বহুমুখী সমবায় সমিতি ৮, আরডিপি ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি এক কোটি ৫০ লাখ, সবুজ বাংলা কো-অপারেটিভ সোসাইটি ৩ ও রুরাল কো-অপারেটিভ সোসাইটি ৫০ লাখ টাকা নিয়ে চলে গেছে। এই সমিতিগুলোতে প্রায় ২০ হাজার সদস্য ছিলেন। স্থায়ী আমানত হিসেবে গ্রাহকদের কাছ থেকে সমিতিগুলো টাকা সংগ্রহ করেছিল।
এ ছাড়া আরও পাঁচটি সমিতির কাছে প্রায় পাঁচ হাজার গ্রাহক ৪২ কোটি টাকা পাবেন। বারবার তাগাদা দেওয়ার পরও সমিতিগুলো ওই টাকা পরিশোধ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সাইমুম বহুমুখী সমবায় সমিতির কাছে ১৭ কোটি, বিজয় মাল্টিপারপারস কো-অপারেটিভ সোসাইটি ১০, চাঁদপুর বন্ধু বহুমুখী সমবায় সমিতি ৫, ইসলামী বহুমুখী সমবায় সমিতি ৭ এবং নীল দিগন্ত প্রপার্টিজের কাছে ৩ কোটি টাকা পাওনা রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, এ পর্যন্ত থানায় স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে দুটি ও আমার দেশ বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া থানায় আরও অর্ধশত অভিযোগ রয়েছে। ওসি আরও বলেন, ‘৪০৬ ও ৪২০ ধারা দুটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অধিভুক্ত হওয়ায় থানায় সরাসরি মামলা নেওয়া যায় না। আদালত থেকে আবেদন এলে আমরা ব্যবস্থা নিতে পারি।’
উপজেলার মহব্বতপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার ও স্বজনদের ২২ লাখ টাকা মেঘনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিতে স্থায়ী আমানত (এফডিআর) রেখেছিলাম। ২০১২ সালের শেষ দিকে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় দুদকে মামলা করেও কোনো ফল পাইনি।’
সেন্দ্রা গ্রামের বায়েজিদ হাসান জানান, তিনি ৫০ লাখ টাকা আমার দেশ বহুমুখী সমবায় সমিতিতে এফডিআর রেখেছিলেন। টাকা ফেরত চাওয়ায় সমিতির চেয়ারম্যান সোহেল তাঁকে মারধর করে প্রাণনাশের চেষ্টা করেছেন। মামলা করার পর গত ২৩ নভেম্বর পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে। উধাও হওয়া সমিতিগুলোর কার্যালয় বন্ধ থাকায় এগুলোর কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাইমুম বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওসমান হারুন বলেন, ‘আমাদের আড়াই হাজার গ্রাহকের মধ্যে এক হাজার ৭৩০ জনকে সম্পত্তি দিয়ে ১৩ কোটি টাকা সমন্বয় করেছি। অন্য গ্রাহকেরা সম্পত্তি নিতে চাইছেন না। এ কারণে গ্রাহকেরা আমাদের কাছে চার কোটি টাকা পাবেন।’ তিনি যেসব গ্রাহক এখনো টাকা পাননি, তাঁদের কার্যালয়ে যোগাযোগ করে সম্পদ নেওয়ার জন্য অনুরোধ করেন।
ইসলামী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান আবু ইউসুফ দাবি করেন, গ্রাহকদের পাওনা সাত কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। কিন্তু গ্রাহকদের কাছে তাঁদের বিনিয়োগ করা ৯২ লাখ টাকা তুলতে পারছেন না। বিজয় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তাঁর সমিতি গ্রাহকদের টাকা পরিশোধের চেষ্টা করছে।
উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সরকার জানান, প্রতিদিন ভুক্তভোগী গ্রাহকেরা তাঁর কাছে অভিযোগ নিয়ে আসছেন। তাঁরা তাঁদের অভিযোগগুলো শুনানির জন্য জেলা কার্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় ব্যবস্থা নিতে পারছি না।’
জেলা সমবায় কর্মকর্তা শেখ কামাল হোসেন বলেন, ‘আমি গত এপ্রিলে চাঁদপুর এসেছি। আমি আসার পর কোনো সমিতি পালায়নি। পালানো সমিতিগুলোর বিষয়ে ডিসি ও এসপি স্যার একাধিকবার বৈঠক করেছেন।’ বর্তমানে কয়েকটি সমিতি গ্রাহকদের টাকা পরিশোধ করছে না কেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।