হাজীগঞ্জে চার তরুণের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে একটি বিদ্যালয়ের ছয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চার তরুণের বিরুদ্ধে অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে গতকাল মঙ্গলবার থানায় ওই মামলা করেন।
গতকাল হওয়া ওই মামলার আসামিরা হলেন পূর্ব হাটিলা গ্রামের তনয় মির্জা (২২), পশ্চিম হাটিলা গ্রামের মো. রাজু (২০), একই গ্রামের সায়েদ (২৫) ও মো. মিঠু (২৪)।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানা সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ওই উচ্চবিদ্যালয়ের ছয় ছাত্রীকে চার তরুণ যৌন হয়রানি করেন। অভিযোগ পেয়ে গত ২৯ জানুয়ারি হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বিদ্যালয়ে গিয়ে ছয় ছাত্রীর জবানবন্দি নেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় প্রশাসনকে কোনো সহযোগিতা করেননি বলে জানা গেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করার কোনো ঘটনা ঘটেনি।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন ছয়জন ছাত্রী পাশের প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বসে কথা বলছিল। এ সময় চার তরুণ সেখানে ঢুকে ওই ছাত্রীদের যৌন হয়রানি করেন। এ সময় ছাত্রীরা চিৎকার দিলে এলাকাবাসী সেখানে ছুটে এসে দুই তরুণকে আটক করতে সক্ষম হন। পরে তাঁদের এলাকাবাসী মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরাও সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার কামাল হারুন বলেন, ঘটনার পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফি বলেন, ‘প্রধান শিক্ষক ঘটনাটি কেন অস্বীকার করছেন বুঝতে পারছি না। বখাটেদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত।’