হাজীগঞ্জে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
চাঁদপুরের হাজীগঞ্জে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
ওই অটোরিকশাচালকের নাম রবিউল হোসেন (১৯)। তাঁর বাড়ি কচুয়া উপজেলার আমুজান গ্রামে। বাবার নাম বাবুল মিয়া। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অটোরিকশাচালক বলেন, বুধবার বিকেলে শাহরাস্তি গেট থেকে দুজন যাত্রী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। বিকেল পাঁচটায় তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। অটোরিকশা থেকে নামার পর যাত্রীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের হোটেল থেকে তিনটি জুস কিনে আনেন। পরে কমপ্লেক্সের পূর্ব-দক্ষিণ পাশের দেয়ালের পাশে গিয়ে তাঁরা তিনজন জুস পান করেন। জুস পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন তাঁরা তাঁর অটোরিকশা নিয়ে গেছেন।