হাজীগঞ্জে ছয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বখাটেরা একটি উচ্চবিদ্যালয়ের ছয় ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে ছয় ছাত্রী পাশের প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বসে কথা বলছিল। একপর্যায়ে চার বখাটে কক্ষের ভেতরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেন এবং ছাত্রীদের যৌন হয়রানি করেন। পরে ছাত্রীদের চিৎকার শুনে অনুষ্ঠানস্থল থেকে শিক্ষক ও এলাকাবাসী ছুটে এসে দুই বখাটেকে ধরে পিটুনি দেন। পরে তাঁরা মাঠের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘আমি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে ঘটনাটি জানিয়েছেন। বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, ইতিমধ্যে বখাটেদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশে এ কথা বলেন।