হাজীগঞ্জে তিন শিশুকে বেঁধে রাখার ঘটনায় মামলা
চাঁদপুরের হাজীগঞ্জে তিন শিশুকে বেঁধে রাখার অভিযোগে হাজীগঞ্জ থানায় এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা গতকাল শনিবার দুপুরে এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন হাজীগঞ্জ কংগাইশ গ্রামের পাল পুকুরিয়া বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে মো. মিজানুর রহমান (৪৮) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৩৭)।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী রবিউল হককে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় অধিবাসী ও থানায় হওয়া মামলার সূত্রে জানা গেছে, আলু চুরির অভিযোগে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তিন শিশুকে বাড়িতে নিয়ে খড়ের গাদার সঙ্গে বেঁধে রাখেন। তিন শিশু হলো এনায়েতপুর গ্রামের বিল্লালের ছেলে সিয়াম (১১), একই গ্রামের মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২) ও সিয়ামের খালাতো বোন সদর ইউনিয়নের মাতৈন গ্রামের সুবর্ণা আক্তার (১১)। গতকাল এ বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে জানান, তিন শিশুকে নির্যাতনের ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।