হাজীগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে আজ রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। পরে ডুবুরিরা তিন ঘণ্টা পর নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। 

নিহত স্কুলছাত্রের নাম সৌরভ বণিক (১৫)। তার বাবার নাম শিবু বণিক। সৌরভ বণিক হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিল। হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের করিমের বাগান এলাকায় থাকে সৌরভের পরিবার।
সৌরভের পরিবার, ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে সৌরভ বণিক কয়েকজন সহপাঠীর সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের সাবেক খেয়াঘাট দিয়ে নদীতে নামে। সৌরভ বালুর পাইপ থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীতে একটি বালুবাহী ট্রলার ঘুরে নদীর দক্ষিণ পাড়ে ভেড়ে। ট্রলার ঘোরানোর সময় সৃষ্ট স্রোতের তোড়ে সৌরভ মাঝখানের দিকে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা সহপাঠী সীমান্ত তাকে রক্ষার চেষ্টা করে।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় তারা চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা তিনটায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বিকেল চারটার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কাম ডুবুরি খোকন মজুমদার নদীর প্রায় মাঝখান থেকে সৌরভকে উদ্ধার করেন।
পরে সৌরভকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে স্বাস্থ্য কর্মকর্তা আলী নূর মো. বশির উল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীদ হোসাইন জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।