হাজীগঞ্জে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪০, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। আহত লোকজনের মধ্যে এক এএসআইসহ পুলিশের চারজন সদস্যও রয়েছেন। এই ঘটনায় পুলিশ গতকাল সোমবার হাজীগঞ্জ থানায় মামলা করেছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আহসান হাবীব (২৮) ও মো. ফিরোজ খাঁন (২৭)। সংঘর্ষে আহত লোকজনের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হাজীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফখরুল ইসলাম, কনস্টেবল আবদুল লতিফ, জয়নাল আবেদীন ও মো. সোহাইল হোসেন এবং ধেররা গ্রামের ওমর ফারুক, মো. শাহজাহান, মুসা ফারুক, আবদুর রহিম ও সালাহ উদ্দিন।
থানায় দায়ের করা মামলা ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, ২২ মে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক হান্নান গাজীকে (৩০) হাজীগঞ্জ বাজারে কুপিয়ে আহত করেন পৌর ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত রোববার বিকেলে পৌর ছাত্রলীগের একাংশ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে হাজীগঞ্জ বাজারে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বাজারে পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের ধেররা এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। প্রতিবন্ধকতা সরাতে গেলে সেখানেও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে গতকাল ভোরে হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নান বাদী হয়ে ছাত্রলীগের ৫১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলম, বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ আহসান কাসারী ও আজাদ মিয়ার নাম রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান বলেন, হান্নান গাজীকে কুপিয়ে আহত করার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশের কারণেই মূলত এ ঘটনা ঘটেছে।
হাজীগঞ্জ থানার এসআই মনির হোসেন বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের দুজন নেতাকে দুই পক্ষ মেরে আহত করেছে। এ ঘটনায় দুই পক্ষ গত রোববার বিকেলে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। পরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।’