হাজীগঞ্জে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলার আসামি ইসমাইল হোসেনকে (২৮) গ্রেপ্তারের পর আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গতকাল রাত পৌনে নয়টার দিকে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ায় প্রতিমা ভাঙচুরের পরপরই মন্দির কমিটির লোকজন ও উপস্থিত ভক্তরা ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল হককে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসমাইলের বাড়ি কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে। তাঁর ভাই মাসুদুর রহমানের দাবি, শীত এলে ইসমাইল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।