হাজীগঞ্জে যুবক ও কমলগঞ্জে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রাম থেকে গতকাল শনিবার লিপন ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
একই দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারী চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
টোরাগড় গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, লিপন দিনাজপুরের কাহালুর পৌড়িয়া গ্রামের মতিয়ার ইসলামের ছেলে। তিনি টোরাগড় গ্রামে অবস্থিত আরএসএফ নামক একটি সৌরবিদ্যুৎ কোম্পানিতে চাকরি করেন। এ সুবাদে তিনি টোরাগড় গ্রামের ইউনুছ হাজির ঘর ভাড়া নিয়ে থাকতেন।
লিপনের স্ত্রী দুলালী বেগম জানান, দীর্ঘদিন ধরে লিপন চাঁদপুরের বাবুরহাট এলাকার এক নারীর সঙ্গে পরকীয়া করছেন। বৃহস্পতিবার তিনি (দুলালী) লিপনের কাছে আসেন।
গত শুক্রবার তিনি ও লিপন চাঁদপুর বিজয় মেলায় যান। রাতে বাসায় ফেরার পর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লিপন তাঁকে মারধর করেন। রাত তিনটার দিকে লিপন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, লিপনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পরষিদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ প্রথম আলোকে জানান, গতকাল সকাল সোয়া ১০টার দিকে শমশেরনগর চা-বাগান লেকের পানিতে গাইরামা রাজভর (৩৫) নামের এক নারী চা-শ্রমিকের লাশ ভাসতে দেখেন চা-শ্রমিকেরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তিনি (গাইরামা) লারসামা রাজভরের স্ত্রী ছিলেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গাইরামার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।