হাজীগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত
বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গত শনিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন (ইউপি) যুবলীগের সহসভাপতি নাজমুল আহসান ওরফে নয়ন (৩৪) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিকেলে বাকিলা বাজারে ইউনিয়ন যুবলীগ বিক্ষোভ মিছিল ও সভা করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হকিস্টিক উদ্ধার করেছে।
স্থানীয় এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুলের সঙ্গে থাকা কাঠমিস্ত্রি আবু তাহের জানান, গত শনিবার রাত আটটার দিকে নাজমুল তাঁকে সঙ্গে নিয়ে বাকিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সিএনজি অটোরিকশা থেকে নামার পর অজ্ঞাত চার-পাঁচজন যুবক হকিস্টিক নিয়ে নাজমুলের ওপর হামলা করেন। চিৎকার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা দাঁড় করিয়ে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান। পরে নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় ব্যবহৃত দুটি হকিস্টিক উদ্ধার করেছে।
নাজমুল বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। আহত নাজমুল জানান, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই।