হাটহাজারী থানার ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীরসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে। বাকি দুজন হলেন একই থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান ও আবু বকর ছিদ্দিকী।

আজ মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবীর আদালতে এ মামলা করেন উপজেলার পশ্চিম শিকারপুরের বাসিন্দা সজল আচার্য। আদালত আগামী ১৭ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, বাদী অভিযোগ করেন, ওসি তাঁর কাছে ৫০ হাজার টাকা এবং বাকি দুই এসআই ৫০ হাজার টাকা দাবি করেছেন। এই টাকা না দিলে বাদীকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোরও হুমকি দেন পুলিশ কর্মকর্তারা। পরে বাদী তাঁর স্বজনদের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান।

বাদীর আইনজীবী মানস দাস জানান, বাদীর সঙ্গে তাঁর প্রতিবেশী মিলন আচার্যের জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। রায় তাঁর পক্ষে যায়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে হাটহাজারী থানার ওসি ও দুই এসআই বাদীকে চাপ দিয়ে তাঁর জায়গার ওপর ঘর নির্মাণে বাধা দেন। ১০ সেপ্টেম্বর বাদীর বসতবাড়িতে ও ১৬ সেপ্টেম্বর হাটহাজারী থানায় বাদীর কাছে এক লাখ টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তারা। পরে ৫০ হাজার টাকা দিয়ে তিনি থানা থেকে ছাড়া পান। দুই এসআই ওসির সঙ্গে দেখা করতে বললে বাদী ওই দিন থানায় যান। টাকা না দিলে তাঁকে মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেন ওসি।

বাদী জানান, ৫০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা ওসি নেন এবং বাকি ২০ হাজার টাকা দুই এসআই নেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বাদীর কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি। এমনকি তাঁকে কোনো মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হয়নি।