হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১২টার 

দিকে বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নজরুল ইসলামের (৪৫) বাড়ি উপজেলার নাজিরহাটের পূর্ব মন্দাকিনী গ্রামে।

স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বাসস্টেশনসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার মো. ইসমাইল (৩৫)। বেশ কিছুদিন ধরে ইসমাইলকে ইয়াবা বিক্রিতে বাধা দিয়ে আসছিলেন নজরুল। রোববার রাতে ইয়াবা নিয়ে বাসস্টেশন এলাকায় এলে স্থানীয় কিছু যুবক ইসমাইলকে ইয়াবাসহ আটক করেন। খবর পেয়ে ইসমাইলের ভাই ইয়াবা ব্যবসায়ী এজাহার (২৫) ধারালো ছোরা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে নজরুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান ইসমাইল ও এজাহার। স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য নজরুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নজরুলের স্ত্রী জ্যোৎস্না আকতার জানান, তাঁর স্বামী দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে এসে টুকটাক ব্যবসা করতেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ইয়াবা ব্যবসা নিয়ে কোন্দলের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের ১১টি চিহ্ন আছে। তিনি বলেন, এ ঘটনায় নিহত নজরুলের ভাই মহিউদ্দিন হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।