হাটহাজারীতে রাতে পেট্রলবোমায় দগ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন দুইজন। তারা হলেন রণজিত ও সাবের আহমেদ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বুড়িপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল রাতে একই সময়ে ঢাকাগামী চট্টগ্রাম যাত্রীবাহী একটি মেইল ট্রেন থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করেছে বিজিবি।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, চারিয়া বুড়িপুকুরপাড় এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারলে গাড়িটির চালক রণজিত ও যাত্রী সাবের আহমেদ দগ্ধ হন। সাবের আহমেদকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রণজিতকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ রাতে প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের ৩ নম্বর বগি থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেনের ৩ নম্বর বগিতে একটি স্কুলব্যাগের ভেতর বোমাগুলো পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে ট্রেনটি ছেড়ে যায়।