হাটহাজারীতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকালে হাটহাজারীর শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

 সমাবেশে বক্তারা বলেন, প্রায় ২৭ হাজার বেসরকারি স্কুল-কলেজে পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন। নতুন বেতন কমিশন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছয় মাস পর থেকে বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করেছে তা ন্যায়সংগত নয়। আগামী ১ জুলাই থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। একই দাবিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি রনজিত কুমার নাথ, সম্পাদক ফিরোজ চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ, মানিক চন্দ্র নাথ, হামিদা বেগম প্রমুখ।