হাটে স্বেচ্ছাসেবক লীগের খাস আদায়!
রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা-কর্মীরা গত রোববার এক ভূমি কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে মোহনগঞ্জ হাটের খাস (টোল) আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গনিপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, ‘আমার ওপর চাপ দেওয়া হয়েছে, কিছু বললে আমাকে মারপিট করা হবে, তাই জীবনের ভয়ে পালিয়ে এসেছি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
২০-২৫ জন প্রত্যক্ষদর্শী জানান, রোববার সকালে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সেকেন্দার আলী লোকজন নিয়ে উপজেলার মোহনগঞ্জ হাটের টোল আদায় করতে যান। সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি টেংকু মোল্লা দলীয় সাত-আটজন নেতা-কর্মীসহ ওই কর্মকর্তারকাছেআসেন। তাঁরা ওই কর্মকর্তাকে হাটের খাস আদায় করতে নিষেধ করেন এবং হাট থেকে চলে যেতে বলেন। এ সময় ওই কর্মকর্তা আপত্তি জানালে তাঁকে মারধর করার ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তিনি ভয়ে ফিরে যান। পরে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা-কর্মীরা হাটের খাস আদায় করেন।
এ প্রসঙ্গে টেংকু মোল্লা বলেন, তাঁরা হাটের বার্ষিক ইজারা পেতে ৩৬ লাখ টাকার দরপত্র জমা দেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি ইজারা পেলেও তাঁরা একসঙ্গে সব টাকা পরিশোধ করতে পারেননি। ফলেদ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হয়। কিন্তু হাটের ইজারা তাঁরাই পাবেন বলে তিনি দাবি করেন। এ কারণে তাঁরা খাস আদায় শুরু করেছেন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার টাকা জমা না দেওয়া পর্যন্ত সরকারিভাবে খাস আদায়ের নামে ওই হাটের টাকা হরিলুট করা হচ্ছে। এতে লোকসান হবে জেনে তাঁরা ভূমি কর্মকর্তাকে চলে যেতে বলেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে দিন বা সপ্তাহ শেষে টাকা জমা না পেলে জানা যাবে, কী হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শহিদুল ইসলাম জানান, বাজার থেকে আদায় করা খাসের কোনো টাকা রোববার রাত পর্যন্ত ইউএনওর কার্যালয়ে জমা পড়েনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তাতরিকুল ইসলামের ১৭ মে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, মোহনগঞ্জ হাটের সর্বোচ্চ দরদাতা নুরুজ্জামান নির্ধারিত সময়ে ইজারার টাকা পরিশোধ করতে না পারায় তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়। পরে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা রহিদুল ইসলামকে ওই হাটের ইজারা দেওয়া হয় এবং তাঁকে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে টাকা জমা দিতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে রহিদুল ইসলাম জানান, ইউএনওর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দেওয়া হবে।