হাটের জমি প্রভাবশালীদের দখলে, হাট বিদ্যালয় মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিহাটে পণ্য সাজিয়ে বসবেন এমন জায়গা মিলছে না। অগত্যা পাশের বিদ্যালয়ের মাঠেই দোকান খুলে বসতে হচ্ছে ব্যবসায়ীদের। খেতের শাকসবজি, মাছ-দুধসহ বিভিন্ন পণ্য নিয়ে সেখানেই ভিড় করছেন চাষিরা। প্রভাবশালীরা হাটের জায়গা দখল করে নেওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়ারহাট এভাবেই চলছে।
চার-পাঁচজন ব্যবসায়ী অভিযোগ করেন, পুরোনো ওই হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেড়ে চলছে। কিন্তু হাটের জায়গা প্রভাবশালীরা দখল করে নেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাঁদের। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সম্প্রতি যেভাবে এখানে জায়গা দখল করে পাকা ভবন উঠতে শুরু করেছে, তাতে হাটের জমি শিগগির ফুরিয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
এলাকার ছয়-সাতজন জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে হাট বসে। সরকার এই হাট থেকে প্রতিবছর প্রায় তিন লাখ টাকা রাজস্ব আদায় করছে। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাট বসে। এখানে ওই ইউনিয়নসহ পাশের ইউনিয়ন থেকেও হাঁটুরে ও ব্যবসায়ীরা আসেন। ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় ওই সামান্য জমিতে এমনিতেই হাট ঠিকভাবে চলছিল না। তার ওপর ধীরে ধীরে হাটের জায়গা দখল হয়ে যাওয়ায় এখন হাট বসছে পাশের হাবিবপুর বিদ্যালয়ের মাঠে। এতে হাটের হট্টগোলে শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা হচ্ছে।
হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নবাব আলী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ থেকে হাট সরিয়ে নিতে বলেছি। আশা করছি অচিরেই হাট অন্য কোনো জায়গায় চলে যাবে। তখন আর এ সমস্যা থাকবে না।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, হাটের জায়গা দখল করে ২০টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এর ফলে হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। প্রায় ছয় বছর ধরে ধীরে ধীরে দখলের এই প্রক্রিয়া চলছে বলে এলাকাবাসীর কয়েকজন জানান।
হাটের জায়গা দখল করে মুরগির ব্যবসা করছেন বেনজির আহমেদ (৩৮)। তিনি বলেন, ‘আমি আগের ইজারাদারকে টাকা দিয়ে জায়গা বরাদ্দ নিয়েছি। এখন এসে শুনছি এটা অবৈধ দখল। তাই এখন যদি কোথাও চেষ্টা করে জায়গা বৈধ করা যায় তবে তাতে আমি রাজি আছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক দখলদার বলেন, ‘অনেকেই হাটের জায়গার ওপর ঘর তুলেছেন। তাই আমিও ঘর তুলেছি। এ জন্য কিছু টাকা-পয়সাও খরচ হয়েছে। আমি একা কোনো অবৈধ সুবিধা নিইনি।’
হাটের সবজি ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (৫০) জানান, হাটের জায়গা দখলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন তাঁদের পাশের বিদ্যালয়ের মাঠে গিয়ে পণ্য বিক্রি করতে হচ্ছে।
হাটের ইজারাদার মোস্তফা কামাল হাটের জায়গা দখল হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি এ হাটের ইজারা নেওয়ার আগেই এসব জায়গা দখল হয়েছে। আমি বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’