হাটের জায়গা বেচে কোটি টাকা হাতানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের একটি হাটের বেশির ভাগ জায়গা প্লট আকারে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন বছর ধরে প্রশাসন বিভিন্ন আদেশ-নির্দেশ জারি করেও দখলদারদের উচ্ছেদ করতে পারেনি। বরং নতুন করে হাটের জায়গা বেদখল হচ্ছে।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের ওই হাটের নাম নাগেরহাট। হাটের জায়গায় অবৈধভাবে দেড় শতাধিক প্লট তৈরি করে আগের ইজারাদার বিক্রি করেন বলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছেন বর্তমান ইজাদার।

ওই অভিযোগ ও উপজেলা ভূমি অফিসসূত্রে জানা যায়, নাগেরহাটে ২ একর ৩৫ শতক সরকারি জমি রয়েছে। বাংলা ১৪২১ সনে (২০১৩-১৪ সাল) হাটের ইজারা পান কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অহিদুল হক। এরপর তিনি হাটের জায়গা অবৈধভাবে দেড় শতাধিক প্লট তৈরি করে বিক্রি করেন। এতে হাটের প্রায় দুই একর জায়গায় বেদখল হয়ে যায়। প্রতিটি প্লট ৫০ হাজার থেকে লাখ টাকায় বিক্রি করা হয়। কুতুবপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম গত সেপ্টেম্বর মাসে তদন্ত করে এর সত্যতা পান। তিনি গত বছরের ২৯ সেপ্টেম্বর বদরগঞ্জের তৎকালীন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের কাছে প্রতিবেদন দেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ইজারাদার অহিদুল হক হাটের জায়গা বিক্রির পাশাপাশি নিজেও অবৈধভাবে কয়েকটি দোকানঘর নির্মাণ করেছেন। পাশাপাশি হাটের ১১২ জন অবৈধ দোকানদারের তালিকা তৈরি করে জমা দেওয়া হয়।

সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অহিদুল হক দেড় শতাধিক প্লট বিক্রি করেছেন। হাটের জায়গা অবৈধভাবে বিক্রি ও দখল এখনো চলছে। যত্রতত্র দোকান নির্মিত হওয়ায় হাটে আসা লোকজনের চলাফেরায় মারাত্মক সমস্যা হচ্ছে।

তবে অহিদুল হক হাটের জায়গা বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাটের জায়গা প্লট আকারে বিক্রির অভিযোগ ভিত্তিহীন। হয়তো কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, হাটের দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২০১৪ সালের জানুয়ারিতে দুই দফা নোটিশ দেয় উপজেলা ও জেলা প্রশাসন। তার আগে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম জে আরিফ বেগ হাটের জায়গা দখল না করতে গণবিজ্ঞপ্তি জারি করেন। এতেও কাজ না হওয়ায় ওই বছরের ২১ আগস্ট দখলদারদের উচ্ছেদে অভিযান চালান রংপুরের তৎকালীন নির্বাহী হাকিম সিরাজুল ইসলাম। কিন্তু কুতুবপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান চাপুল শাহ দুই দিনের মধ্যে দখলদারেরা নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেবেন বলে লিখিত প্রতিশ্রুতি দেন। ফলে নির্বাহী হাকিম উচ্ছেদ কার্যক্রম স্থগিত রেখে ফিরে যান। কিন্তু পরবর্তী সময়ে একটি স্থাপনাও সরিয়ে নেওয়া হয়নি।

এরপর ২০১৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ওই হাটে অভিযান চালানোর বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। হাটের অবৈধ দখলদারদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের আরএম (রেভিনিউ মুনশিখানা)শাখার সহকারী কমিশনার সৈয়দ মাহমুদ হাসান বলেন, ‘ওই হাটের অবৈধ স্থাপনাসহ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমি দেশের বাইরে যাচ্ছি। ফিরে এসে বিষয়টি দেখব।’

এদিকে গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নাগেরহাটে নতুন করে আরও পাঁচটি অবৈধ পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বলেন, এলাকার বাটুল মিয়া, রয়েল ও শাহ আলম ঘরগুলো নির্মাণ করছেন। এ ছাড়া সম্প্রতি আকতারুল ইসলাম ও তহসিন আলী মির্জা হাটে দুটি পাকা গুদামঘর নির্মাণ করেছেন। নির্মাণকাজে নিযুক্ত শ্রমিক মনোয়ার হোসেন বলেন, ‘দোকান মালিক শাহ আলম এখানেই ছিলেন। আপনাকে (প্রতিবেদক) দেখে কোথায় যেন চলে গেলেন।’

হাটের বর্তমান ইজারাদার আরিফুল ইসলাম বলেন, ‘আমি কাউকে দোকানঘর নির্মাণ করার অনুমতি দিইনি। আগের ইজারাদার অহিদুল হক হাটের সরকারি জায়গা ব্যবসায়ী ও অব্যবসায়ীদের কাছে বিক্রি করে কোটি টাকার ওপরে বাণিজ্য করেছেন। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম; কিন্তু কোনো কাজ হয়নি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক মহোদয় পুনরায় হাকিম নিয়োগ দিলে ওই হাটে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।