হাটের দরপত্রের বাক্স পাহারায় এক দল যুবক
পঞ্চগড় পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক, দোতালার সিঁড়ি ও দরপত্র বাক্স গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আগলে রেখেছিলেন এক দল যুবক। পৌরসভার আওতায় রাজনগরহাটের বাংলা ১৪২৩ সনের ইজারা তাঁদের পছন্দের ইজারাদারকে পাইয়ে দিতেই ওই যুবকেরা ওই বাক্স পাহারা দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ওই হাটের ইজারা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে গত ২ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে পৌরসভা। চারটি গ্রুপে হাটের ইজারামূল্য ধরা হয় ১ কোটি ৪৬ লাখ ১ হাজার ১০১ টাকা। গত মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ছিল দরপত্র জমাদানের শেষ সময়। আবদুল হান্নান শেখ সর্বোচ্চ ইজারামূল্য দিয়েছেন ৮৩ লাখ ৭৯ হাজার টাকা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন ২০-২৫ জন যুবক। ১৫-২০ জন যুবক কার্যালয়ের প্রবেশপথ, সিঁড়ি আর দোতালায় এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। দোতালায় দেখা যায়, স্থানীয় সরকার শাখার সামনে বসে আছেন কয়েকজন পুলিশ। পাশে রাখা রাজনগর হাটের ইজারা বাক্স। আশপাশে আরও ১০-১২ জন যুবক। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, হাটের ইজারার দরপত্র দাখিলের শেষ সময় আজ (মঙ্গলবার)। এক বড় ভাই বলেছেন, এ বাক্সে যেন কেউ কোনো খাম ফেলতে না পারেন। তাই সকাল থেকে আছেন। তবে বড় ভাইয়ের নাম-পরিচয় জানাতে অস্বীকার করেন তাঁরা।
দুপুরে পৌরসভা কার্যালয়ে দেখা যায়, পৌর ভবনের আশপাশ, দোতালার সিঁড়ি, দরপত্র বাক্সের আশপাশে অর্ধশত যুবক। দরপত্র বাক্স পাহারা দিচ্ছেন কয়েকজন যুবক। পাশেই ৮-১০ জন পুলিশ সদস্য বসে আছেন। দরপত্র বাক্স ধরে থাকা মাসুম নামের একজন নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করে বলেন, ‘এখানে দরপত্র ফেলবেন, এমন সাহস কারও আছে?’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওই যুবকেরা ইজারাদার আবদুল হান্নান শেখকে ইজারা পাইয়ে দিতে দরপত্র পাহারা দিচ্ছেন। তবে ইজারাদার হান্নান শেখ বলেন, ‘পাহারাদার যুবকেরা আমার লোক নয়।’
বেলা দুইটার দিকে দরপত্র বাক্স খুলে দেখা যায়, জেলা প্রশাসকের স্থানীয় সরকার কার্যালয়ের সামনে রাখা বাক্সে কোনো দরপত্র পড়েনি। পৌরসভায় রাখা বাক্সে তিনটিতে তিনটি করে আর একটিতে দুটি দরপত্র পাওয়া যায়। প্রতিটিতে সর্বোচ্চ দরদাতা হয়েছেন হান্নান শেখ।
পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহ্মদ জানান, দরপত্র বাক্স পাহারায় পর্যাপ্ত পুলিশ ছিল। যুবকদের দরপত্র বাক্স পাহারা সম্পর্কে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি।