হাটের সরকারি জায়গা ও শেড দখল করে দোকান নির্মাণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘিহাটের সরকারি জায়গা ও সবজি শেড দখল করে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরও স্থানীয় প্রশাসন কিছু করছে না বলে অভিযোগ উঠেছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই লালদীঘিহাটের নামে ৮১ শতক ও হাটের ভেতরে রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রের নামে ৬২ শতক সরকারি জায়গা রয়েছে।
গত বুধবার সরেজমিন দেখা যায়, ওই উপস্বাস্থ্যকেন্দ্রের ১০ শতক ছাড়া বাকি ৫২ শতক ইতিমধ্যে দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি হাটের সবজি শেডের ভেতরে ইট ও টিন দিয়ে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন আইতুল ইসলাম, সুকারু মিয়া, শাহজালাল, সাইফুল ইসলাম, আউয়াল হোসেন ও জিয়াউল হকসহ ২০-২৫ জন। হাটের জায়গা দখল করে গত পাঁচ বছরে দেড় শতাধিক অবৈধ দোকানঘর নির্মাণ করা হয়েছে। এমনকি ময়নুল হক সরকার নামের একজন মুক্তিযোদ্ধাও শেড দখল করে মুক্তিযোদ্ধার নামে অফিস বানিয়েছেন।
এ ব্যাপারে আইতুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে ফাঁকা শেডের ওপর জুতা-স্যান্ডেল বিক্রি করি। কিন্তু প্রতিদিন এই জুতা-স্যান্ডেল বাড়ি থেকে আনা-নেওয়া করতে সমস্যা হয়। এ কারণে শেডের ভেতরে ইট-টিন দিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছি। এতে এখন আর জুতা-স্যান্ডেল বাড়িতে নিয়ে যেতে হয় না।’ শাহ্জালাল বলেন, ‘প্রতি সপ্তাহে হাট ইজারাদার ২০ টাকা করে খাজনা নেন। দোকানঘর তুলে ব্যবসা করলে সমস্যা কোথায়?’ এ ছাড়া সুকারু, সাইফুল, আউয়াল ও জিয়াউলের সঙ্গে কথা বলতে দোকানে গিয়েও তাঁদের পাওয়া না যাওয়ায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ময়নুল হক সরকার মুঠোফোনে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘হাটের সরকারি জায়গা সবাই দখল করে দোকানঘর নির্মাণ করছেন। আমি সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য অফিসঘর করেছি। এতে দোষের কী?’
সবজি শেডের ভেতরের সামান্য জায়গায় মোহাম্মদ আলী কাঁচামালের ব্যবসা করছেন। তিনি বলেন, ‘ভাই, কয়েক বছর ধরে শেডের ভেতরে আলু-বেগুন বিক্রি করছি। কিন্তু শেডগুলোও দখল করে স্থায়ীভাবে ঘর নির্মাণ করা হচ্ছে। এতে জায়গা সংকুচিত হয়ে বেচাকেনায় সমস্যা হচ্ছে।’
খিলিপান ব্যবসায়ী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘সরকার শেড করে দিয়েছেন, আমাদের রোদ-বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু কিছু লোক প্রভাব খাটিয়ে শেডের ভেতর অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছেন।’
লালদীঘিহাটের ইজারাদার মতিয়ার রহমান বলেন, ‘ওই দখলবাজদের বিরুদ্ধে আমি কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কাজ হয়নি। বরং দখলবাজরা এখন আমাকেই হুমকি দিচ্ছেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ বলেন, ‘কিছুদিন আগে অভিযোগ পেয়ে আমি শেডের ভেতরে নির্মাণ করা অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দিয়েছিলাম। শুনেছি সেখানে আবার নাকি দোকানঘর নির্মাণ করা হয়েছে। অচিরেই সেখানে অভিযান চালানো হবে।’
এ ব্যাপারে ইউএনও কাজী আবেদা গুলশান গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলায় নতুন যোগদান করেছি। যাঁরা অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’