হাত কর্তন মামলার আসামি গ্রেপ্তার
ছাত্রলীগের কর্মী টুলটুলির হাত কর্তন মামলার মূল আসামি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টুকে গত বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ জানান, ছাত্রলীগের কর্মী টুলটুলি সম্প্রতি ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগদান করায় স্থানীয় ছাত্রলীগে দলীয় কোন্দল শুরু হয়। ওই কোন্দলের জের ধরে তাঁর বাঁ হাত কেটে ফেলে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন টুলটুলির নানা শহিদুল বিশ্বাস বাদী হয়ে সদরুল আলমকে মূল আসামি করে নয়জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।
আবু ওবায়েদ আরও জানান, পুলিশ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদরুল আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তিনি পালিয়ে যান। পরে আবার তাঁকে শহরের পোস্ট অফিস মোড় থেকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় আনা হয়। এরপর তাঁকে পাবনা আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আবেদনের শুনানি হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।