হাত-পা বাঁধা অবস্থায় পৌর মেয়রের বাড়ির গৃহকর্মী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার রাজাপুরে জান্নাতুল ফেরদৌস ওরফে লিমা (১৫) নামে পৌর মেয়রের বাড়ির গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার রাতে পৌর মেয়র পৌর মেয়র আবদুল কাদেরের বাসায় এই ঘটনা ঘটে। আবদুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
পৌর মেয়র আবদুল কাদের সাংবাদিকদের বলেন, গত ৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাঁর বাসা লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। তখন জান্নাতুল বাসা থেকে বের হয়। এ সময় এক দুর্বৃত্ত তাকে জানায়, তাঁরা পৌর মেয়রকে হত্যা করবেন এবং এ জন্য রাতে আসলে সে যেন দরজা খুলে দেয়। দরজা না খুললে তাকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর বাড়িতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। আজ সন্ধ্যার দিকে ওই গৃহকর্মী বাড়ির হাঁস-মুরগি ঘরে (খোঁয়াড়) ঢোকাতে যায়। এরপর আর ঘরে ফেরেনি। পরে ওই বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাকে ঘরের পেছন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা রাত পৌনে নয়টায় মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, জান্নাতুলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার হুঁশ ফিরেছে।
ঘটনাস্থল থেকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।