হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে উলুখোলা বাইপাস সড়কের পাশে শেখবাড়ী মোড়ের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তির হাত-পা বাঁধা (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাইপাস সড়কের শেখবাড়ী মোড়ের নির্জন স্থানে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরনে কালো রঙের চেক প্যান্ট, সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও নীল-কালো চেক ফুলহাতা শার্ট ছিল।
স্থানীয় কয়েকজন জানান, বিকেলে দ্রুতগামী একটি মাইক্রোবাস থেকে মরদেহটি ফেলে দেওয়া হতে পারে।
কালীগঞ্জ থানার এসআই আজিজুল রহমান বলেন, তাঁর হাত-পা বাঁধা, গলায় দাগ এবং নাকে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।