হাত-পা বিচ্ছিন্ন লাশটি কার?
বাম হাত ও ডান পা বিচ্ছিন্ন এক যুবক। বয়স আনুমানিক ৩৫। রক্তাক্ত অবস্থায় তাঁকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে গায়েব হয়ে যান আরেক যুবক। আজ শুক্রবার সকালে যুবকের মৃত্যুর পর কোনো স্বজনের খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শেরেবাংলা নগর থানার পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাশটি মর্গেই পড়ে ছিল। লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পরিচয় মেলেনি। তাঁকে যে যুবক হাসপাতালে এনেছিলেন, তাঁরও হদিস নেই। তবে হাসপাতালের নিবন্ধন খাতায় বহনকারী হিসেবে মাসুদ নামের এক ব্যক্তির নাম লেখা আছে। একটি মোবাইল ফোন নম্বরও আছে। ওই নম্বরে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত একজন জানান, তাঁর নাম মাসুদ নয়। তিনি কাউকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাননি।
ওই নম্বরে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে একজন প্রথম আলোকেও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমার নাম সুমন। আমি দশম শ্রেণিতে পড়ি। মিরপুর মধ্য পাইকপাড়ায় থাকি। আমি কাউকে পঙ্গু হাসপাতালে ভর্তি করিনি। হয়তো ভুল নম্বর দেওয়া হয়েছে।’
এসআই কামরুল আরও বলেন, ওই যুবকের পরণে লুঙ্গি ও লাল গেঞ্জি আছে। ওই যুবকের বাম হাত ও ডান পা কাটা হওয়ায় রেলে কাটা বলে মনে হচ্ছে না। ঘটনাটি রহস্যজনক। যুবকের স্বজনের খোঁজ মিললে বিস্তারিত জানা যেতে পারে।