হাত-পা বিচ্ছিন্ন লাশটি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ হাত ও ডান পা বিচ্ছিন্ন। লাশ হয়ে মর্গে পড়ে থাকা যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর। হতভাগ্য যুবকটির পরিচয় মেলেনি গতকাল শুক্রবার রাত পর্যন্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে রক্তাক্ত অবস্থায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করিয়ে সটকে পড়েন এক যুবক। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। তাঁর কোনো স্বজনের খোঁজ না পেয়ে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। রাত আটটা পর্যন্ত তাঁর কোনো স্বজন মর্গে আসেননি। অজ্ঞাতনামা হিসেবে লাশটি মর্গে ছিল।
লাশ উদ্ধারকারী শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিকেল পাঁচটার দিকে বলেন, নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া যুবকেরও হদিস নেই। তাঁকে হাসপাতালে আনা যুবকের নাম নিবন্ধন খাতায় লেখা আছে মাসুদ, একটি মুঠোফোন নম্বরও আছে। তবে ওই নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত জানানো হয়, তাঁর নাম মাসুদ নয়। তিনি কাউকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাননি।
এসআই কামরুল বলেন, লুঙ্গি ও লাল গেঞ্জি পরা ওই যুবকের বাঁ হাত ও ডান পা কাটা, তাই তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে মনে হচ্ছে না। ঘটনাটি রহস্যজনক। তাঁর স্বজনের খোঁজ পেলে বিস্তারিত জানা যেতে পারে। তদন্ত চলছে।
ওই মুঠোফোন নম্বরে বিকেল সাড়ে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে বলা হয়, তার নাম সুমন। সে দশম শ্রেণিতে পড়ে, থাকে মিরপুরে। সে কাউকে পঙ্গু হাসপাতালে ভর্তি করেনি। কেউ ভুল নম্বর দিয়েছে।