হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাইদুল ইসলাম (১২) নামের এক শিশুর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে রাঙ্গাবালীর বাহেরচর বন্দরে শিশু নির্যাতনের এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে সাইদুল ইসলামকে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু সাইদুল রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের দিনমজুর নূরজামাল মৃধার ছেলে। সে চতলাখালী এলাকার একটি রেস্তোরাঁয় কাজ করে।
সাইদুলের চাচা মো. মিলন মৃধা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত নয়টার দিকে সাইদুলের সঙ্গে বাহেরচর বন্দরের মনজু মৃধার রেস্তোরাঁর কর্মচারী শামিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে মনজু মৃধা ও তাঁর ছেলে মান্নান মৃধা সাইদুলকে ধরে তাঁদের রেস্তোরাঁর ভেতরে নিয়ে যান। পরে তার হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় সাইদুলের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে আজ সকালে তাকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়।
সাইদুলের বাবা নূরজামাল মৃধা বলেন, ‘আমার ছেলেকে ঘরে ঢুকিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ছেলেকে উদ্ধার করি। ওর অবস্থা খারাপের দিকে যাওয়ায় পটুয়াখালী হাসপাতালে ভর্তি করিয়েছি।’
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত মণ্ডল বলেন, সাইদুলকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার পিঠ ও মুখে ফোলা চিহ্ন আছে। বুকেও আঘাতের দাগ রয়েছে।
এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত (আজ বেলা তিনটা) এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে মনজু মৃধা ও মান্নান মৃধার মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও তাঁরা ফোন ধরেননি।