হাত বাঁধা অবস্থায় অপহৃত আ.লীগ নেতাকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত বাঁধা অবস্থায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত আওয়ামী লীগের নেতাকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে আলাইয়াপুর ইউনিয়নের জগিখালী এলাকার পরিত্যক্ত ইটভাটা থেকে আবদুর রহিমকে উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আলাইয়াপুর ইউনিয়নের জগিখালীর বাজরা বাড়ির দরজা থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আবদুর রহিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর দলীয় নেতা-কর্মী ও পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক প্রথম আলোকে জানান, জগিখালী এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে হাত বাঁধা অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীদের কাউকে পাওয়া যায়নি।
ওসি জানান, অপহরণের ঘটনায় আবদুর রহিম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজি ইকবাল জানান, নির্যাতনে আবদুর রহিম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।