হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে আজ সোমবার দুপুরে হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছেন এক আসামি। পালিয়ে যাওয়া লাভলু মণ্ডল (২৪) ছিনতাই মামলার আসামি। তাঁর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ওমর গাজীপাড়া গ্রামে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত শনিবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি বনলতায় জুয়ার আসর বসায় চার ছিনতাইকারী। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আবুল কালাম আজাদ নামের এক যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় ওই যাত্রী ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরলে আশপাশের অন্য যাত্রীরা লাভলুসহ বাবু শেখ (২৪), বলয় সরদার (৩২) ও আবদুর রশিদ (৩৫) নামের চার ছিনতাইকারীকে আটক পুলিশে সোর্পদ করেন।

এ ঘটনায় আবুল কালাম আজাদ ছিনতাইয়ের অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে স্থানীয় শিবালয় থানায় মামলা করেন। গতকাল রোববার পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায়।

আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মতিয়ার রহমান বলেন, আজ সকালে আদালতে হাজিরের জন্য ওই চার আসামিকে হাজতখানায় আনা হয়। বেলা ১১টার দিকে হাজতখানা থেকে হাতকড়া পরিয়ে অন্যান্য আসামির সঙ্গে বিচারিক হাকিমের আদালতে হাজির করতে তাঁদের নেওয়া হয়। এ সময় হাতকড়া খুলে লাভলু পালিয়ে যান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম বলেন, কোনো পুলিশ সদস্যের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।