হাতকড়া পরা আসামির চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম রবিউল ইসলাম (২৬)। তাঁর বাড়ি উপজেলার হলিদাগাছি হাটপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও চোরাচালানের মামলা রয়েছে।

বরখাস্ত হওয়া তিন কনস্টেবল হলেন মনিরুল ইসলাম, এনামুল হক ও বজলুর রহমান।

চারঘাট মডেল থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে থানার ওই তিনজন কনস্টেবল আসামি রবিউলকে নিয়ে রাজশাহী জেলহাজতে নিয়ে যাচ্ছিলেন। পথে পুঠিয়া উপজেলার বানেশ্বরে পুলিশের গাড়ি থেকে নামিয়ে তাঁকে পাবলিক বাসে ওঠানো হচ্ছিল। এ সময় পুলিশের হাত থেকে ছুটে হাতকড়াসহ রবিউল দৌঁড়ে পালিয়ে যান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, আসামি রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।