হাতকড়া পরা চিকিৎসাধীন আসামির পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পুলিশের হেফাজতে হাসপাতাল চিকিৎসাধীন আসামি মো. মাসুম (২৮) হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মাসুম পটুয়াখালী জেলা সদরের পুকুরযানা গ্রামের হারুন মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় চুরির অভিযোগে স্থানীয় লোকজন মাসুমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। আহত অবস্থায় পুলিশ তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে মাসুম তাঁর হাতকড়ার রশি কৌশলে কেটে হাতকড়াসহ পালিয়ে যান।
হাসপাতালে মাসুমকে পাহারার দায়িত্বে ছিলেন পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. জারফিন আলী, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও রিপন সরকার।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাসুমকে হাসপাতালে ভর্তি করা হয়। হাতকড়া পরা অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।