হাতকড়া পরিয়ে ধরে নেওয়ার দুদিন পর মিলল লাশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামে নিজ ঘরের বারান্দায় গত শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাসির উদ্দিন। পাশে তাঁর স্ত্রীও ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে একদল সশস্ত্র মানুষ ঘিরে ফেলে পুরো বাড়ি। পরে পুলিশ পরিচয় দিয়ে নাসিরকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। স্বজনেরা কয়েকটি থানায় গিয়ে খোঁজ নেন। কিন্তু সন্ধান মেলেনি নাসিরের। গতকাল সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের মাঠে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, নাসিরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বুকে গুলি করে হত্যা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাসির একসময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন বলে এলাকাবাসীর ভাষ্য।
নাসিরের (৪৫) স্ত্রী অলোকা গতকাল প্রথম আলোকে বলেন, শনিবার রাতে তিনি স্বামীর পাশেই ঘুমিয়ে ছিলেন। পরে ১০-১২ জন অস্ত্রধারীর হাঁকডাকে তাঁর ঘুম ভাঙে। লোকগুলো নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নাসিরকে আটক করে। পরে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। অলোকা আরও দাবি করেন, তাঁর স্বামী সংসারী মানুষ ছিলেন। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। এরপর পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করল।
নাসিরের চাচাশ্বশুর ইসাহাক আলী বলেন, শনিবার রাতে চিৎকার শুনে তিনি নাসিরের বাড়িতে যান। জানতে পারেন পুলিশ তাঁকে উঠিয়ে নিয়ে গেছে। এরপর তাঁর খোঁজ করতে পাশের কয়েকটি থানায় যান। কিন্তু এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। গতকাল সকালে তাঁদের কাছে খবর আসে, পাশের উপজেলার মোহনপুর গ্রামের মাঠে একটি লাশ পড়ে আছে। পরে তাঁর লাশটি নাসিরের বলে শনাক্ত করেন।
কোটচাঁদপুর থানার ওসি শাহীদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, নাসির পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর এলাকায় ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।