ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার
হাতকড়াসহ পালানোর পাঁচ ঘণ্টা পর আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর গত শুক্রবার রাতে ডাকাতির চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সাত-আটজনের একটি ডাকাত দল আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের জিল্লুর রহমানের ছেলে আবু সুফিয়ানকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেন। সকালে আবু সুফিয়ানকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হলে তিনি অসুস্থতার ভান করেন। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশি পাহারায় সিএনজিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি শহরের সরকারি কলেজ-সংলগ্ন রেলগেট এলাকায় পৌঁছালে আবু সুফিয়ান হাতকড়াসহ লাফিয়ে পড়ে পালিয়ে যান। পরে রাত সোয়া ১২টার দিকে আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে আখাউড়া থানার পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পাঠানো হয়। এদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শুক্রবারই আখাউড়া থানায় কর্মরত কনস্টেবল মো. মান্নান ও মো. ফজলুকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাঁদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে জানান, আবু সুফিয়ানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।