হাতকড়া খুলে পালাল আসামি পরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর থেকে মাদক মামলার এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁর সন্ধান পায়নি পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী সন্ধ্যা সাতটার দিকে বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিকে রাত সাড়ে নয়টায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোহেল মিয়া দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের বাসিন্দা। এর আগে গত ৫ মে জেলা জজ আদালতের প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে আরেক আসামি পালিয়ে যান। সে সময়ও পুলিশ বলেছে, হাত চিকন থাকায় আসামি হাতকড়া ছুটে পালিয়ে যান।

এলাকার কয়েকজন বাসিন্দা ও আদালতের পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মিয়াকে দুর্গাপুর থানার পুলিশ গতকাল ভোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁকে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। আদালত আসামির জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশের পাঁচ সদস্যের একটি দল বিকেল চারটার দিকে অন্য মামলার আরও তিন আসামিসহ চারজনকে নিয়ে দুটি অটোরিকশায় করে জেলা কারাগারের উদ্দেশে রওয়ানা হন। দুজনকে একসঙ্গে করে আলাদা দুটি হাতকড়া পরিয়ে রাখা হয়। অটোরিকশাটি আদালতের সামনের সড়কে নাজিরপুর মোড় এসে যানজটে পড়ে। এ সময় সোহেল হাতকড়া খুলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান।

দুর্গাপুর আদালত পুলিশের দায়িত্বরত (এসআই) চিত্তরঞ্জন বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার করতে জোর অভিযান চলছে।

 এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, পৌর শহরের নাজিরপুর মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে আসামি সোহেল মিয়া আদালত পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যান। তাঁর হাত চিকন থাকায় হাতকড়া ছুটে যায়।

এর আগে ৫ মে সাইনুল মিয়া নামের চুরির মামলার আরেক আসামি জেলা জজ আদালতের প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে যান। তখন নেত্রকোনা সদর আদালতের পরিদর্শক-২ আবদুল বারি বলেছিলেন, সাইনুলের হাত চিকন থাকায় তিনি পালিয়ে যান।

দায়িত্বে অবহেলার অভিযোগে এসপি জয়দেব চৌধুরী সে সময় আদালতের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সরিয়ে নেন।