হাতকড়া নিয়ে পালালেন ছাত্রদল নেতা, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিক্ষোভের সময় পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছাত্রদলের দুই নেতা-কর্মী থানায় ফিরে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা পুলিশের কাছে ধরা দেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে পুলিশের দাবি, তাঁদের বিকেলেই আটক করা হয়েছে।

হাতকড়া নিয়ে পালানোর পর ধরা দেওয়া দুজন হলেন চাঁদপুর শহর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটোয়ারি ও সদস্য জুনায়েদ।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান বলেন, আজ বিকেল পাঁচটার দিকে চাঁদপুরে শহর বিএনপি ও জেলা বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকে। দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লার নেতৃত্বে একদল পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ সেলিমের দাবি, বিনা উসকানিতে পুলিশ নেতা-কর্মীদের ওপর হামলা করায় বিএনপির পূর্বনির্ধারিত সভা পণ্ড হয়ে যায়। এ সময় তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হন।

ওসির ভাষ্য, বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা সভার নামে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। কিন্তু তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুজনকে আটক করলেও তাঁরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে বিকেলে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতার দাবি, পালিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ওই দুজন ছাত্রদল নেতা পুলিশের চাপে পড়ে রাত সাড়ে আটটার দিকে থানায় গিয়ে ধরা দিয়েছেন।