হাতকড়া পরা আসামির পলায়ন, ফের আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী থানার সামনে গতকাল সোমবার পুলিশের গাড়িতে ওঠানোর সময় হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়ে যান। পরে পুলিশ পিছু নিয়ে তাঁকে আবার আটক করে।
ওই আসামির নাম ওমর ফারুক (২৭)। তিনি শহরের পিয়ারাখালী মহল্লার মোজাফ্ফর আলীর ছেলে। ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার এসআই হাবিবুর রহমান বলেন, রোববার রাতে শহরে অভিযান চালিয়ে ওমর ফারুকসহ চার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ফারুকের কাছে ১০৭টি ইয়াবা বড়ি পাওয়া যায়। গতকাল বেলা আড়াইটার দিকে তাঁদের থানার সামনে পুলিশের গাড়িতে ওঠানো হচ্ছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় দৌড়ে পালাতে চেষ্টা করেন আসামি ওমর ফারুক। কয়েকজন পুলিশ সদস্য পিছু নেন তাঁর। কিছুক্ষণ পর ডাকবাংলোর কাছ থেকে ফারুককে আবার আটক করা হয়।