হাতকড়া পরিয়ে তুলে নেওয়া ব্যবসায়ীর খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দোকান থেকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের (৩৪) খোঁজ এক সপ্তাহেও পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, র্যা বের সদস্যরা তাঁকে তুলে নিয়ে যান বলে বাজারের লোকজন তাঁদের জানিয়েছেন।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে নালিতাবাড়ী থানায় একটি জিডি করা হয়েছে। আমিনুল উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হকের ছোট ছেলে। নন্নী বাজারে আম্বিয়া মেডিকেল হাউস নামে তাঁর ওষুধের দোকান রয়েছে।
আমিনুলের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ২৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ পোশাকে সাত-আটজনের একটি দল সাদা রঙের একটি মাইক্রোবাসে করে নন্নী বাজারে আসে। এ সময় তারা আমিনুলের ওষুধের দোকান থেকে তাঁকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে জানানো হলে শেরপুর থেকে নালিতাবাড়ী যাওয়ার পথে কয়রোড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটির গতি রোধ করেন তিনি। চেয়ারম্যান ওই দলটির সদস্যদের পরিচয় জানতে চাইলে তাঁরা পরিচয় না দিয়ে সরে যেতে বলেন। পরে মাইক্রোবাসটি শেরপুরের দিকে চলে যায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারেছ বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখনো সন্ধান পাওয়া যায়নি।’ জামালপুর র্যা ব-১৪-এর কর্মকর্তা হায়েতুল ইসলাম খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। এ রকম কোনো ঘটনাও আমাদের জানা নেই।’