হাতকড়া লাগিয়ে নির্যাতনের পর ক্রসফায়ারে হত্যার হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আবদুস ছালাম হাওলাদারকে (৪৬) হাতকড়া লাগিয়ে নির্যাতন করার পর এবার বগা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন তাঁকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 আবদুস ছালামের স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করেন, গত মঙ্গলবার আনুমানিক রাত ১২টার দিকে বগা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জসিম উদ্দিন, পুলিশ সদস্য মো. মামুন, স্থানীয় উজ্জ্বল চৌকিদার ও নাসির চৌকিদার তাঁদের বাড়িতে গিয়ে ছালাম হাওলাদারের নাম নিয়ে ডাকাডাকি করতে থাকেন। এ সময় তিনি (নাসিমা বেগম) তাঁদের পরিচয় জানতে চান। তখন তাঁরা বলেন, ‘আমরা বাউফল থানার পুলিশ, দরজা খোল কথা আছে।’ একপর্যায়ে দরজা খুললে এসআই জসীম তাঁকে বলেন, ‘তোরা খুব বেশি বাড়াবাড়ি করছস, এর ফল তোরা পাবি। থানায় যত মামলা হইবে, সব মামলায় তোর স্বামী আসামি হইবে। আর সুযোগ পাইলে এক্কেবারে ক্রয়ফায়ার দিয়া দিমু। দেহি তোগো কোন বাপ বাঁচায়।’ পরে তাঁরা চলে যান।

প্রসঙ্গত ১১ জানুয়ারি বুধবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ওরফে উজ্জ্বল চৌকিদার সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন, এমন অভিযোগ তোলেন আবদুস ছালাম। এতে ক্ষুব্ধ হন উজ্জ্বল চৌকিদার। পরে ওই দিনই বাদী হয়ে তিনি আবদুস ছালামসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গত রোববার বেলা দুইটার দিকে মাধবপুর বাজার এলাকা থেকে আবদুস ছালামকে গ্রেপ্তার করেন এসআই জসিম উদ্দিন। মঙ্গলবার জামিনে মুক্ত হন ছালাম।

আবদুস ছালাম অভিযোগ করেন, হাজতখানা না থাকলেও তাঁকে প্রায় সাড়ে ২৩ ঘণ্টা বগা পুলিশ তদন্তকেন্দ্রে চেয়ারের সঙ্গে বেঁধে হাতকড়া লাগিয়ে নির্যাতন করা হয়। পরে সেখান থেকেই তাঁকে গত সোমবার দুপুরে আদালতে নেওয়া হয়। এ বিষয়ে সাংবাদিকেরা সংবাদ পরিবেশন করায় এখন ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে। প্রাণভয়ে এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এমন অবস্থায় চরম শঙ্কা আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।

বগা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জসিম উদ্দিন বলেন, ‘হাতকড়া লাগিয়ে নির্যাতন ও বাড়িতে গিয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আর গত মঙ্গলবার আমি অফিস থেকেই বের হইনি।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমলে নিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয়। তবে এসআই জসিম উদ্দিনকে প্রত্যাহার করে জেলা সদরে নেওয়া হয়েছে।