হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি আবদুল হালিমকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলের এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।

বুড়িচং থানা-পুলিশ সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে বুড়িচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে হত্যা ও ছিনতাইসহ দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবদুল হালিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে নিয়ে বুড়িচং থানার উদ্দেশে রওনা হন পুলিশের সদস্যরা। এ সময় ময়নামতি ইউনিয়নের মেম্বার আবুল হোসেনের নেতৃত্বে অন্তত দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দেয়। একপর্যায়ে বাজেবাহেরচর এলাকায় পুলিশ ও আসামি বহন করা অটোরিকশাটি আটকে দেয়। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের চার সদস্য এএসআই নন্দন সরকার, কনস্টেবল শাহাদাত হোসেন, আবদুল মান্নান, সাফায়েত হোসেন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে মেম্বার আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
এএসআই নন্দন সরকার বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হালিমকে গ্রেপ্তার করে থানায় ফিরছিলাম। পথে আমাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ হালিমকে নিয়ে যাওয়া হয়েছে।’
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুল শাফী খান বলেন, অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।