হাতকড়াসহ পলাতক আসামিকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা থানা থেকে হাতকড়াসহ পলাতক আসামি মিলন মিয়াকে (২৫) গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুরের পুলহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। এর আগে গত মঙ্গলবার ভোর ছয়টার দিকে থানা থেকে হাতকড়াসহ পালিয়ে যান মিলন।
এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘হাতকড়াসহ এক আসামি পলায়ন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাতকড়াসহ পলাতক মিলনকে গ্রেপ্তারের দায়িত্ব পেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালান এসআই আনিছুর রহমান। একপর্যায়ে গোপন সংবাদের ভিক্তিতে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিলনের গ্রামের বাড়ি দিনাজপুরের পুলহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মিলনের কথা অনুসারে, নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামে একটি গাছের নিচে পুঁতে রাখা হাতকড়াটি জব্দ করে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মিলনকে গতকাল দুপুরে লালমনিরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এম এন নাসির উদ্দিন বলেন, থানা চত্বর থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িেত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।