হাতকড়াসহ পালানোর তিন মাস পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন মাস পর জসিম মোল্লা নামের এক আসামিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার তৌকাঠি বাজারসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জসিমকে গত ৩০ মার্চ উপজেলার তৌকাঠি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তিনি এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। জসিমের বাড়ি তৌকাঠি গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে বিচারাধীন একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জসিমকে গ্রেপ্তার করে হাতকড়া লাগান নলছিটি থানার এএসআই জাকির হোসেন। কিন্তু জাকিরকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যান জসিম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জসিম পালিয়ে যাওয়ার পরদিন দিবাগত রাত দুইটার দিকে তৌকাঠি গ্রামের রাজীব হাওলাদারকে আটক করে পুলিশ। নিরপরাধ ওই যুবককে আটকের প্রতিবাদে এলাকাবাসী থানা ঘেরাও করেন। বিক্ষোভের মুখে রাজীবকে ছেড়ে দেয় পুলিশ।

পরবর্তী সময়ে ৫০ হাজার টাকা ঘুষের দাবিতে রাজীব হাওলাদার ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে।