হাতকড়াসহ পালালেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক কেনাবেচার অভিযোগে আটক এক ব্যক্তি পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন। ওই ব্যক্তির নাম মনোজ সেন (২২)।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উজিয়ালখান এলাকায় এ ঘটনা ঘটলেও আজ সোমবার দুপুর পর্যন্ত মনোজের সন্ধান পায়নি পুলিশ। মনোজ উপজেলার গান্দতা গ্রামের মানিক সেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় পুলিশ উজিয়ালখান এলাকা থেকে ইয়াবাসহ তাঁকে আটক করে। মনোজের হাতে হাতকড়া পরিয়ে রাখে পুলিশ। পরে পুলিশ উপস্থিত লোকজনের সাক্ষ্য নেওয়ার ফাঁকে মনোজ পালিয়ে যান। এ ঘটনার পর মনোজকে গ্রেপ্তারে গতকাল রাত আটটা থেকে অভিযান চালাচ্ছে পুলিশ।

নেছারাবাদ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মনোজ সেন একজন মাদক ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে আটকের চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান। মনোজকে গ্রেপ্তারে অভিযান চলছে।