হাতখরচ কমিয়ে দেওয়ায় মামিকে খুন করেন শরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিমপুরে গৃহবধূ রোজিনা আক্তার ওরফে মিতু হত্যা মামলায় তাঁর স্বামীর ভাগনে আহমেদ শরিফকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচর থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হাতখরচের টাকা কমিয়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে মামিকে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। তিনি বলেন, গৃহবধূ রোজিনা আক্তার (২৮) তাঁর দুই মেয়েকে নিয়ে ইব্রাহিমপুরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী মধ্যপ্রাচ্যে থাকেন। গত ১৮ এপ্রিল নিজ বাসায় রোজিনাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় আহমেদ শরিফকে একমাত্র আসামি করে কাফরুল থানায় হত্যা মামলা করা হয়। ডিবি মামলাটির তদন্ত করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবচরে শরিফের অবস্থানের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ডিবির একটি দল সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির যুগ্ম কমিশনার বাতেন বলেন, জিজ্ঞাসাবাদে শরিফ তাঁর মামিকে হত্যার কথা স্বীকার করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে মামার পাঠানো টাকা থেকে মামি তাঁকে হাতখরচ দিতেন। সম্প্রতি একটি বিষয় নিয়ে মামির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে এবং মামি তাঁকে হাতখরচ দেওয়া কমিয়ে দেন। এসব ক্ষোভ থেকে মামিকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি।
আবদুল বাতেন বলেন, পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন ১৭ এপ্রিল সকালে শরিফ মামিকে কয়েকবার ফোন দেন ও খুদে বার্তা পাঠান। কিন্তু জবাব পাননি। শরিফ পরদিন সকাল ১০টার দিকে মামির বাসার দরজায় কড়া নাড়লেও সাড়া পাননি। একপর্যায়ে ওই বাসা থেকে একজনকে বেরিয়ে যেতে দেখে তিনি ক্ষিপ্ত হন। কচুক্ষেত বাজার থেকে একটি চাকু কিনে তিনি মামির বাসায় যান। এ সময় তাঁর ছোট দুটি মামাতো বোন বাসাতেই ছিল। মামি ছিলেন গোসলখানায়। গোসলখানার দরজায় টোকা দিলে মামি দরজা খোলেন। তিনি ভেতরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ছুরি দিয়ে মামিকে গলা কেটে হত্যা করেন।
আবদুল বাতেন আরও বলেন, মামির মৃত্যু নিশ্চিত করে শরিফ পালিয়ে যান। হত্যায় ব্যবহৃত ছুরিটি ওই বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর ফেলে যান। গ্রেপ্তারের পর শাকিলের তথ্যের ভিত্তিতে গতকাল সকালে সেখান থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, শরিফকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।