হাতবোমা ছুড়ে পালানোর সময় দুই শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হরতাল চলাকালে ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা মেরে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক হওয়া দুজন হলেন নওশাদ আলী ও সাইফুল ইসলাম। পুলিশের দাবি, নওশাদ ও সাইফুল শিবিরের কর্মী। নওশাদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার মৌনম গ্রামে। তিনি রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে পড়েন। সাইফুলের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকয়া গ্রামে। তিনি রাজশাহী কলেজের বাংলা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের ভাষ্য, সকালে রাজারহাতা এলাকায় লোকনাথ স্কুলের সামনে জামায়াত-শিবিরের ১৪-১৫ জন কর্মী ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে। তখন তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ তখন নওশাদ আলী ও সাইফুল ইসলামকে আটক করে।

‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের কর্মী নুরুল ইসলাম ওরফে শাহীন নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আজ সকাল ছয়টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এ ছাড়া গতকাল শুক্রবার রাতে নগরের সাহেববাজার ও নিউমার্কেট এলাকায় চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।