হাতাহাতির কিছুক্ষণ পর মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় হাতাহাতিতে জড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আলী আহমদ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে সাতটার দিকে হারিয়াখালী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নিচে বসে লুডু খেলছিলেন স্থানীয় বাসিন্দা আলী আহমদ ও কালা মিয়া। খেলার একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের ঝগড়া মিটিয়ে দেন। এর কিছুক্ষণ পর আলী আহমদ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালা মিয়া বলেন, ‘লুডু খেলায় তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হলেও সেটা সঙ্গে সঙ্গেই মিটে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে আলী আহমদ অসুস্থ হয়ে মারা যান।’
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, আলী আহমদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।