হাতি দিয়ে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমিও নামের এ হাতিটিকে নিয়ে তার মাহুত রাজু আজ শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করেছে। ছবি: শহীদুল ইসলাম।
রোমিও নামের এ হাতিটিকে নিয়ে তার মাহুত রাজু আজ শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করেছে। ছবি: শহীদুল ইসলাম।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে আজ শনিবার দুপুরে ঘটেছে এক অভিনব ঘটনা। মহাসড়কে কোনো যানবাহন দেখলেই তার পথ আগলে দাঁড়িয়ে গেছে একটি হাতি। শুঁড় বাড়িয়ে দিয়েছে ‘চাঁদা’র জন্য। টাকা না দিয়ে মহাসড়ক পার হতে পারেনি ট্রাক, বাস, অটোরিকশা এমনকি মোটরসাইকেলও।

যে হাতিটি এই ‘চাঁদাবাজি’ চালিয়েছে, তার নাম রোমিও। আর তার মাহুতের নাম রাজু।

রোমিওর চাঁদাবাজির একটি দৃশ্য। ছবি: শহীদুল ইসলাম।
রোমিওর চাঁদাবাজির একটি দৃশ্য। ছবি: শহীদুল ইসলাম।

রাজুর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রা‏হ্মণবাড়িয়া থেকে রাজশাহীর বাঘার এলাকায় ঈদ মেলায় সার্কাস দেখাতে এসেছিলেন তাঁরা। মেলা শেষ হয়ে গেছে। শো আর জমছে না। তাই টাকার বড় টান। তাঁর দাবি, এটা চাঁদাবাজি নয়। হাতির খাবার জোগাড় করতেই রোমিওকে নিয়ে ভিক্ষা করছেন তিনি।

আজ সকালে বাঘার থেকে বেরিয়ে দুপুরের দিকে বানেশ্বর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে যায় রোমিও ও রাজু। ওই সড়ক ধরে গাড়ি থামিয়ে ‘চাঁদাবাজি’ করতে করতে সন্ধ্যার দিকে তারা রাজশাহী মহানগরে পৌঁছে যায়।

শুধু যানবাহন নয়, মহাসড়কের দুপাশের দোকান থেকেও চাঁদা তুলেছে রোমিও। ছবি: শহীদুল ইসলাম।
শুধু যানবাহন নয়, মহাসড়কের দুপাশের দোকান থেকেও চাঁদা তুলেছে রোমিও। ছবি: শহীদুল ইসলাম।

দুপুরে পুঠিয়ার বেলপুকুর রেলগেটের পশ্চিম দিকে হাতি ও মাহুতের সঙ্গে এ প্রতিবেদকের দেখা হয়। এ সময় ‘চাঁদাবাজি’র ছবি তুলতে গেলে হাতিটি প্রতিবেদকের মোটরসাইকেল আগলে দাঁড়ায়। কোনো উপায় না দেখে পকেট থেকে দুই টাকা বের করে দিলে হাতি তা প্রত্যাখ্যান করে। পরে আরও পাঁচ টাকা দিলে পথ ছেড়ে দিয়ে চলে যায়।

এ বিষয়ে রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি হাতিটির অবস্থান জানতে চান। এ বিষয়ে তিনি শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।