হাতি দিয়ে চাঁদাবাজি মাহুত আটক
গ্রামগঞ্জে মাঠের ধান কাটা হলেই শুরু হয় সার্কাস-যাত্রার আয়োজন। তবে ঠাকুরগাঁওয়ের কোথাও এখনো শুরু হয়নি যাত্রা-সার্কাস। সার্কাস না চললেও সার্কাসের হাতি দিয়ে ঠাকুরগাঁওয়ে চলছে চাঁদাবাজি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে হাতি দিয়ে ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়ক, শহীদ মোহাম্মদ আলী সড়ক ও নর্থ সার্কুলার সড়কের ব্যবসাপ্রতিষ্ঠানে থেকে চাঁদা নেওয়া হচ্ছিল। চাঁদার পরিমাণ ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাতিসহ মাহুতকে আটক করে ঠাকুরগাঁও থানায় নিয়ে যায়।
শহীদ মোহাম্মদ আলী সড়কের মুদি ব্যবসায়ী মো. ফয়সাল বলেন, ‘হাতিটা সরাসরি দোকানের কাছে মাথাটা ঢুকিয়ে দিলে আমি ভয় পেয়ে যাই। আমি ১০ টাকা বের করতেই হাতিটা শুঁড় দিয়ে মাহুতের হাতে তুলে দেয়।’
বাসচালক মো. আমীর হোসেন বলেন, ‘বাস নিয়ে বের হওয়ার সময় হাতিটি বাসটি আটকে দেয়। মাহুত সালামির জন্য আমাকে কিছু টাকা দিতে বলার পর উপায় না দেখে হাতির শুঁড়ে ২০ টাকা গুঁজে দিই। কিন্তু হাতিটি টাকাটি ছুড়ে ফেলে। পরে ৫০ টাকা দিলে ছাড়া পাই।’
হাতির মাহুত মো. হৃদয় আলী (৪০) বলেন, হাতিটি সবুজ বাংলা নামে একটি সার্কাস দলের। ধান উঠলেই জেলার বিভিন্ন জায়গায় সার্কাস শুরু হবে। সেই সার্কাসে এ হাতি দিয়ে খেলা দেখানো হবে। তাই সার্কাস শুরুর আগেই তাঁরা এখানে হাতি নিয়ে চলে এসেছেন। তিনি বলেন, ‘হাতির খাবারের জন্য তাই দোকান থেকে কিছু কিছু ভিক্ষা নিচ্ছি।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, হাতি দিয়ে চাঁদাবাজি এবং মানুষকে ভয়ভীতি দেখাবে না মর্মে মুচলেকা দিয়ে মাহুতকে ছেড়ে দেওয়া হয়।