হাতি দিয়ে টাকা তোলাই তাঁর পেশা!
বিশালাকার একটি হাতি। হাতির ওপরে বসে আছেন এক যুবক। দোকানের সামনে গিয়ে হাতিটি সুড় এগিয়ে দেয় দোকানির দিকে। টাকা দিলেই কেবল সুড় সরিয়ে আনে হাতিটি। তারপর সে টাকা তুলে দেয় হাতির পিঠে থাকা যুবকের হাতে। আজ রোববার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে এমন দৃশ্য দেখা গেছে।
হাতির পিঠে চড়া যুবকের নাম আবুল কালাম। বাড়ি নোয়াখালী। জানতে চাইলে তিনি বলেন, তিনি হাতিটি কিনেছেন টাকা তোলার জন্য। বিভিন্ন যানবাহন, ঘর বাড়ি ও দোকানে তিনি হাতিটি দিয়ে চাঁদা তোলেন। তাঁর অন্য কোনো পেশা নেই। হাতি দিয়ে দৈনিক সাত হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত টাকা তোলেন তিনি।
আজ রোববার সকালে চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা স্টেশন থেকে হাতিটি টাকা তোলা শুরু করে। এরপর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছাড়া, শিকলঘাট, জিদ্দাবাজার ও চকরিয়া পৌরশহরে চাঁদা তোলে। শনিবার সারা দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, আধুনগর, চুনতি, চকরিয়ার আজিজ নগর, হারবাং, পহরচাঁদা, পেকুয়ার সাঁকোরপাড়, চড়াপাড়া, চৈরভাঙা, পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারে চাঁদা আদায় করে।
চকরিয়া পৌর শহরের পানের দোকানদার আবদুস সালাম বলেন, ‘টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। তাই ২০ টাকা দিয়েছি।’
মুদি দোকানি বেলাল উদ্দিন বলেন, দোকান থেকে একটু বাইরে গিয়েছি, এমন সময় হাতি এল। আমাকে না পেয়ে চার প্যাকেট বিস্কুট নিয়ে গেছে হাতিটি।’
পেকুয়া সড়কের যাত্রী একেএম ইকবাল ফারুক বলেন, ‘শনিবার দুপুরে পেকুয়া যাওয়ার পথে অটোরিকশার গতিরোধ করে হাতিটি। পরে ৫০ টাকা দিয়ে ছাড়া পাই।’
হাতির মালিক আবুল কালাম দাবি করেন, তিনি কাউকে টাকার জন্য জোর করেন না। হাতি দেখলে সবাই খুশি মনে টাকা দিয়ে দেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে বেসরকারিভাবে যাঁদের হাতি আছে, তা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ জন্য বন বিভাগের কিছু করার থাকে না। তবে সাধারণ আইনে ইউএনও বা ওসি চাইলে হাতি দিয়ে যে টাকা তোলা হয়, তা বন্ধ করতে পারেন বা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।’
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, হাতি দিয়ে চাঁদা তুললে কোন আইনে ব্যবস্থা নেওয়া হবে তা আমার জানা নেই। এ পর্যন্ত এ রকম কোন আইন বা আইনের ধারা আমার চোখে পড়েনি।