হাতিয়ায় অর্ধশতাধিক জেলে অপহৃত হওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠেঙ্গারচর এলাকা থেকে অর্ধশতাধিক জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অপহরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে হাতিয়া উপজেলা মৎস্যজীবী ব্যবসায়ী সমবায় সমিতি।
আজ বুধবার সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ৩০ জন জেলে অপহৃত হয়েছেন বলে তিনি শুনেছেন। ঘটনা জানার পর থানা থেকে পুলিশের একটি দলকে ঠেঙ্গারচরের দিকে পাঠানো হয়েছে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট রাহাত উদ্দিন প্রথম আলোকে বলেন, মেঘনা নদী থেকে গতকাল রাতে জেলেদের অপহরণের ঘটনা আজ সকালে হাতিয়া থানার ওসি তাঁদের জানিয়েছেন। এরপর কোস্টগার্ডের সদস্যদের নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন তিনি।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, গতকাল রাত ১০টার দিকে জলদস্যুরা মেঘনার ঠেঙ্গারচর এলাকার আশপাশে মাছ ধরার প্রায় ৭০টি নৌকায় ডাকাতি করে। তারা মাছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
আক্তার হোসেনের দাবি, মালামাল লুটের পর জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে অন্তত ৭০ জন জেলেকে অপহরণ করেছে। ওই জেলেদের ঠেঙ্গারচর ও গাঙ্গুইরার চরে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করছে জলদস্যুরা। বিষয়টি তাঁরা হাতিয়া থানার পুলিশকে জানিয়েছেন। তবে এখনো ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ।